লন্ডন থেকে তোরসার অনুরোধ
যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় আগামী ১৪ ডিসেম্বর বসবে ‘মিস ওয়ার্ল্ড’র ৬৯তম আসরের জমকালো আয়োজন। এ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছেছেন। বাংলাদেশকে এগিয়ে নিতে এবার ভোট দেয়ার অনুরোধ করলেন তোরসা।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, এখানে ভোটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে যার বিকল্প নেই। তাই বাংলাদেশের মানুষের কাছে আমার চাওয়া, তারা যেন দেশকে তুলে ধরতে ফেসবুজ পেজ- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, মবস্টার আইডি ও মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে ভোট দেন।
জানা যায়, মবস্টার প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। এতে তার অ্যাকাউন্টের নাম ‘Rafah Torsa’। এর পাশে ভেরিফায়েড চিহ্ন আছে। ভোটের অংশ হিসেবে তাদের প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। এ ছাড়াও মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটের মাধ্যমেও ভোট দেয়া যাবে।
লন্ডনে পৌঁছানোর পর এরইমধ্যে তোরসা অংশ নিয়েছেন ‘ড্যান্স অব ট্র্যাডিশন’ ও ‘ট্যালেন্ট কনটেস্ট’সহ কয়েকটি পর্বে। আর ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে তোরসা অবস্থান করছেন ১৭ নম্বর গ্রুপে।
প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড’র ৬৯তম আসরের নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী মেক্সিকোর ভ্যানেসা পন্তে দেলেওন।